নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম ইকবাল
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে থাকতে পারছেন না তামিম ইকবাল। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮শে নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ৬ই ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২০শে নভেম্বরের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই টেস্টের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এরই মধ্যে জানা গেছে, তামিম ইকবাল এই স্কোয়াডেও থাকছেন না। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখনো পর্যন্ত আমাদের কাছে তার (তামিম) বিষয়ে কোনো আপডেট নেই। যে কারণে এখনই কিছু বলা যাচ্ছে না।’ তবে, বিসিবি’র ভিন্ন একটি সূত্র জানিয়েছে, তামিম বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন এবং নিউজিল্যান্ড টেস্টের দলে যে থাকবেন না, সেটা জানিয়ে দিয়েছেন।

0 Comments